বরুড়া ছেলেকে মাদক মুক্ত রাখার অনুরোধে বাবাকে কুপিয়ে আহত, থানায় অভিযোগ না নেওয়ার দাবি
- আপডেট সময় : ১২:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩৯ বার পড়া হয়েছে
বরুড়ায় ছেলেকে মাদকমুক্ত রাখার অনুরোধে বাবাকে কুপিয়ে আহত,থানায় অভিযোগ না নেওয়ার দাবি
দেলোয়ার বি,এসসি
কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নে ছেলেকে মাদকমুক্ত রাখার অনুরোধকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে এক ব্যক্তির বাড়িতে সশস্ত্র হামলা ও তাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবা-ছেলের ওপর হামলা চালায়। এ সময় ওই ব্যক্তির স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তারা।
ঘটনাটি ২৮ আগস্ট ২০২৬ ইং, শুক্রবার, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর গ্রামের দক্ষিণ-পূর্ব পাড়ার চারা বাড়িতে ঘটে বলে জানান ভুক্তভোগী আঃ লতিফ।
আঃ লতিফের অভিযোগ, ঘটনার দিন দুপুরে বাড়ির সামনের রাস্তায় কয়েকজনকে তার ছেলেকে মাদকমুক্ত রাখার অনুরোধ করেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে রাতের দিকে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে এসে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
হামলায় আঃ লতিফ আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে নিয়মিত চিকিৎসা ও ড্রেসিং করাচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তিনি বরুড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে চাইলে পুলিশ তার অভিযোগপত্র গ্রহণ করেনি এবং এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। পরে বাধ্য হয়ে তিনি কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন বলে জানান।
তবে এ বিষয়ে বরুড়া থানায় যোগাযোগ করা হলে থানার পক্ষ থেকে প্রতিবেদককে জানানো হয়, “আমরা এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”









